হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর জেলের লা/শ উদ্ধার

বাবুল মিয়া জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর আকমল হোসেন (৩৭) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত আকমল হোসেন উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জালের নৌকা নিয়ে উপজেলার বলহর হাওরে মাছ ধরতে যান। রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বলহর হাওরে আকমল হোসেনের ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিহতের বড় ভাই মকবুল হোসেন জামালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বলহর হাওরের পাড় থেকে আকমল হোসেনের লাশ উদ্ধার করা হয়।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজের পর বলহর হাওরের পাড় থেকে আকমল হোসেনের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত রয়েছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।