জুরাইন ও পোস্তগোলায় ২ চাঁদাবাজ আটক

আব্দুল্লাহ আল মামুন: শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে মো. স্বাধীন সিকদার (২০) ও মো. মাসুদ বেপারী (২৬) নামের দুইজন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির ৩ হাজার ৪ শত ৮০ টাকা ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

র‌্যাব -১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী ও ছিনতাইকারীসহ বিভিন্ন প্রকার চাঁদাবাজদের গ্রেফতারের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ অক্টোবর, শনিবার র‌্যাব -১০ এর একটি আভিযানিক দল রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন ও পোস্তগোলা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি ও অটোরিকশা হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন সময়ে উল্লেখিত ২ চাঁদাবাজকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা বেশ কিছুদিন যাবত জুরাইন ও পোস্তগোলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সিএনজি ও অটোরিকশা হতে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সূত্রে উল্লেখ করা হয়।