আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের প্রতীকী চাবি। শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ বুধবার এক ব্যবসায়িক সম্মেলনে এই চাবি তুলে দেন ফুটবলের মহাতারকার হাতে।
মায়ামির বিজনেস ফোরামে বক্তব্য দিতে গিয়ে মেসি বলেন, “আমি এখনো ফুটবল উপভোগ করছি। এটা আমার খেলে যাওয়ার সময়। অবসর নিলে তবেই জীবনের অর্জনগুলো ফিরে দেখব।”
রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি বলেন, “একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু নেই। বিশ্বকাপ জিতে গেলে আর কিছু চাওয়ার থাকে না।”
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি ইতোমধ্যে মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করেছেন। নতুন মৌসুমেও তিনি এমভিপি পুরস্কারের প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
সম্মেলনে উপস্থিত দর্শকদের করতালিতে অভিভূত মেসি বলেন, “এই অসাধারণ শহরে প্রথম দিন থেকেই মানুষের ভালোবাসা পেয়েছি। আজ যেভাবে সবাই স্বাগত জানালেন, আমি কৃতজ্ঞ।”
এ সময় মেসি জানান, ধীরে ধীরে তিনি ফুটবল-পরবর্তী জীবনের জন্যও প্রস্তুতি নিচ্ছেন—“দুর্ভাগ্যজনকভাবে একদিন সবকিছু শেষ হবে। আমি নতুন কিছু শেখার ও ব্যবসায়িক দুনিয়ায় জড়িত হওয়ার দিকে আগ্রহী।”
ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ প্রায় শেষের পথে। মেসি বলেন, “স্টেডিয়ামটা কবে শেষ হবে, কবে সেখানে খেলতে পারব—আমার তর সইছে না।