গাজীপুরের কালিয়াকৈর এলাকায় বালুভর্তি একটি ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে এই দুর্ঘটনা। পরে হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ট্রাকটি সরিয়ে একমুখীভাবে যান চলাচল সচল রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কড্ডা বালুমহাল থেকে ট্রাকটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। সকাল আটটার দিকে কালিয়াকৈর বাজারের কাছে বংশাই সেতুর ওপর পৌঁছালে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাক উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের ইঞ্জিনের অংশ ছিটকে পড়ে এবং মহাসড়কের দুই দিকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, “সকালে জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলাম। কালিয়াকৈর বাইপাস সড়কে যানজটে প্রায় দেড় ঘণ্টা আটকা পড়ে থাকতে হয়েছে।”
উদ্ধারকাজের সময় ট্রাকচালক আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, “চাকা ফেটে যাওয়ায় ট্রাক উল্টে যায়। তবে আমি অক্ষত আছি।”
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে দুটি রেকার পাঠানো হয়েছে। বিকল ট্রাকটি উদ্ধার করা হয় এবং একমুখীভাবে যান চলাচল সচল রাখা হয়েছে।