জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলের মির্জাপুরে জমিতে গাছ লাগানোর ঘটনায় চাচাতো ভাইয়ের হাতে এক যুবক খুন হয়েছেন। সোমবার (১৬ জুন) বেলা ১১টার দিকে সখিপুর উপজেলার হরিদ্রাচালা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রফিকুল ইসলাম রজব একই এলাকার বাসিন্দা।


নিহতর ভাই শামসুল আলম বলেন, ‘সকালে আমার ভাইয়ের সঙ্গে চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর চাচাতো ভাইয়ের স্ত্রী ও তার লোকজন এসে আমার ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপরও হামলা করে। আহত অবস্থায় আমার ভাইকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি। আসামি আয়নাল হক তার স্ত্রী সেলিনা বেগম ও তার মেয়ে কুলসুম ও তার স্বামী নাজমুলের বিচার দাবি করছি।’


মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘হত্যার বিষয়ে জানার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দুজনকেই আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’