ঈদে রাঙামাটিতে পর্যটন খাতে দেড়শ কোটি টাকার ব্যবসা

Date: 2025-06-16
news-banner

দীর্ঘ ঈদুল আজহার ছুটিতে পর্যটকে ঠাসা ছিল হ্রদ-পাহাড়ের শহর রাঙামাটি। সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্কসহ নানা দর্শনীয় স্থানে ভিড় করেন হাজারো ভ্রমণপিপাসু। পর্যটকের ঢল নামায় জেলার হোটেল-মোটেল, রিসোর্ট, হাউজবোট, রেস্টুরেন্টসহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতে জমজমাট ছিল বাণিজ্য।


হোটেল স্কয়ার পার্কের মালিক মো. নেয়াজ আহমেদ বলেন, ‘আমরা যে পরিমাণ পর্যটক আশা করেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি এসেছেন। সব হোটেলেই শতভাগ বুকিং ছিল।’

 
মায়াবী দ্বীপ রিসোর্টের ব্যবস্থাপক রিকো খীসা বলেন, ‘রিসোর্ট সংখ্যা কম হওয়ায় একেকটি রিসোর্টে তিনগুণ বুকিং কল পেয়েছি। একই চিত্র দেখা গেছে সব রিসোর্টেই।’
 
সাজেকের ৯৮টি কটেজ ছিল পুরোপুরি বুকড। হাউজবোটও ছিল ব্যস্ত সময় পার করছে। শহরের ৫টি ট্যুরিস্ট সমিতির আওতায় থাকা প্রায় ৯০০ বোট প্রতিদিনই ভাড়া হয়েছে।
 

 
রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, ‘এই ঈদে যে দীর্ঘ ছুটি মিলেছে, তা আগে কখনও হয়নি। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৮–১০টি খাতে আশানুরূপ ব্যবসা হয়েছে। প্রাথমিক হিসাবে দেড়শ কোটি টাকার বাণিজ্য হয়েছে।’
 
চেম্বার সূত্র জানায়, জেলায় প্রায় ৫ হাজার মানুষ পর্যটন খাতসংশ্লিষ্ট পেশায় জড়িত।

Leave Your Comments