নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দিন; আসিফ নজরুল

 

আব্দুল্লাহ আল মামুন (প্রধান প্রতিবেদক):

 

অন্তরবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক, প্রবাসী কল্যান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদা আদায় বা অবৈধ সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে দেয়ার অনুরোধ করা হয়েছে। অজ শনিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে তিনি এই অনুরোধ করেছেন।

 

আসিফ নজরুল বলেছেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সাথে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ না-কি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

 

তিনি এর তীব্র প্রতিবাদ করে বলেন, ‘যারা এসব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থায় আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।’

 

আসিফ নজরুল আরো বলেন, ‘আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সব কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি, বাংলাদেশের মানুষের সাথে কোনোরকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেয়া- এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’