হরর সিনেমার মধ্য দিয়ে নতুন রূপে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ‘স্কেয়ারি পিকচার’ নামের আসন্ন চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবাটি।
অভিজ্ঞ প্রযোজক সুরেশ বাবুর প্রতিষ্ঠান ‘সুরেশ প্রোডাকশনস’ সিনেমাটি প্রযোজনা করছে। এর মধ্য দিয়ে হরর চলচ্চিত্র নির্মাণে যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানা দাগ্গুবাটি জানান, ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হরর ঘরানার চলচ্চিত্র নির্মাতাদের জন্য নিয়মিত প্রযোজনা সহায়তা ও মুক্তির সুযোগ তৈরি করাই তাঁদের লক্ষ্য। ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়ের গল্প বলার নিজস্ব ধরন রয়েছে। তাই হরর ঘরানার নানা উপধারার চলচ্চিত্রকে তাঁরা স্বাগত জানাতে চান।
সিনেমাটি পরিচালনা করছেন তেলুগু চলচ্চিত্র নির্মাতা রবি বাবু। ‘অনসূয়া’ ও ‘অভুন্নু’-এর মতো হরর সিনেমা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ‘স্কেয়ারি পিকচার’-এর মাধ্যমে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
তবে সিনেমাটির গল্প, অন্যান্য অভিনয়শিল্পী এবং কঙ্গনার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি নির্মাতারা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালে মুক্তি পেতে পারে সিনেমাটি।
এর আগে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’ ও ‘চন্দ্রমুখী ২’ সিনেমায় হরর ঘরানায় অভিনয় করেছেন কঙ্গনা। সর্বশেষ মনোজ তাপাদিয়া পরিচালিত ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় নার্সের চরিত্রে দেখা গেছে তাঁকে। চলতি বছরের জুনে মুক্তি পাওয়া সিনেমাটির গল্প গড়ে উঠেছে মুম্বাইয়ের একদল হাসপাতালকর্মীকে ঘিরে। এর পটভূমিতে রয়েছে ২০০৮ সালের সন্ত্রাসী হামলা।
কঙ্গনার পরবর্তী কাজের তালিকায় রয়েছে আর মাধবনের সঙ্গে ‘সার্কেল’ এবং ‘কুইন’ সিনেমার সিক্যুয়েল।