ফেনীর সংবাদ অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রতিদিন ফেনী’। বুধবার (১১ নভেম্বর ২০২৬) ফেনী শহরের মিজান রোডস্থ জুমা মার্কেটের তৃতীয় তলায় পোর্টালটির কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত থেকে পোর্টালটির কার্যক্রমের সূচনা করেন সম্পাদক ইফতেখার তুহিন এবং বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম। তাঁদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রকাশনার কার্যক্রম শুরু হয়েছে।
যাত্রা শুরুর বিষয়ে সম্পাদক ইফতেখার তুহিন ও বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম জানান, ফেনীর সাধারণ মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার লক্ষ্যেই ‘প্রতিদিন ফেনী’র এই উদ্যোগ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা ফেনীবাসীর আস্থা অর্জন করতে চান।
তাঁরা আরও জানান, সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের পাশাপাশি ফেনীর প্রতিটি এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে কাজ করবে ‘প্রতিদিন ফেনী’।