প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:১০ পিএম
তাহিরপুরে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যু
বাবুল মিয়া তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপু মিয়া সারা রাত বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন। পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সাদেকুর রহমান। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।