ধসে পড়ল যুদ্ধবিধ্বস্ত ভবন, গাজায় নিহত ১৬
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধকালীন হামলায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের সর্বশেষ দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন এলাকায় পরিচালিত হামলায় আরও ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ৭১ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ অক্টোবর কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা ও সহিংসতায় গাজায় মোট ১ হাজার ৩৮১ জন নিহত এবং ৪ হাজার ৭৫৭ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকাজুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৯৫ জনে। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭৪ হাজার ৮৬৯ জন ফিলিস্তিনি।
উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।