প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:১৬ পিএম
বিরিশিরি ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা, আলোচনায় মজিবুর রহমান মাস্টার
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৪ নম্বর বিরিশিরি ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. মজিবুর রহমান রাজু মাস্টার। দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় স্থানীয়দের একটি অংশের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
মজিবুর মাস্টার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে থাকার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, অসহায় মানুষের সহযোগিতা এবং স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে এলাকায় তাঁর পরিচিতি তৈরি হয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় মজিবুর মাস্টার। বর্তমানে তিনি ৪ নম্বর বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সহকারী শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমেও তিনি সক্রিয় বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে মজিবুর মাস্টারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে। তবে নির্বাচনে ভোটাররা শেষ পর্যন্ত কাকে সমর্থন করবেন, তা নির্ধারণ হবে তাঁদের নিজস্ব বিবেচনায়।
মজিবুর মাস্টার বলেন, ‘বিরিশিরি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখাই আমার লক্ষ্য।’
আসন্ন নির্বাচনকে ঘিরে বিরিশিরি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সরব হচ্ছে স্থানীয় রাজনৈতিক মাঠ। এখন ভোটারদের প্রত্যাশা ও সিদ্ধান্তই নির্ধারণ করবে ইউনিয়নের নেতৃত্বে কারা আসছেন।