সোনারগাঁয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের ইয়াবা সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় পরিবহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।