সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় চাঁদাবাজি, মিথ্যা মামলা, হামলা-হুমকি ও রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা আসলাম ও তার পরিবার।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আসলামের বড়ছেলে ইব্রাহিম খলিল বলেন, যুবদল নেতা শান্ত হত্যা মামলার ২নং আসামী ডিবি হারুনের সোর্স শাহাদাত প্রধান বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলাসহ ১০-১২টি মামলার চিহ্নিত আসামী বর্তমানে চর কিশোরগঞ্জে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। ৫ই আগস্টের পর ৫লক্ষ টাকা চাঁদা না দেয়ায় আমার পরিবারের উপর হামলা ও পুলিশকে হাত করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।
শম্ভুপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আসলামের ছেলে ব্যবসায়ী ইব্রাহীম খলিল বলেন, গত দুই দিন ধরে স্থানীয় সন্ত্রাসী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহ সুলতান গাজীর অনুসারী ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আমার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। শাহাদাত প্রধানের বাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোতালেব প্রধানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম করে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মসজিদের জায়গা দখলসহ একাধিক মামলা রয়েছে।
অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথিপত্র সংবাদ সম্মেলনে উপস্থাপন করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের প্রতি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম সারোয়ার বলেন, শাহাদাত প্রধান থানায় এসে অভিযোগ ও মামলা দায়ের করে গেছে কিন্তু সে যে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী তা আমার জানা নেই।