নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. সুমন (পিতা: খোকন), গ্রামের বাড়ি গাউছিয়া পারগাঁও, রূপগঞ্জ এবং শাওন (পিতা: মৃত রুহুল আমিন), গ্রামের বাড়ি ভুলতা, রূপগঞ্জ। উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে জেলা গোয়েন্দা শাখার ‘জি-জোন’-এর ইনচার্জ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃত দুই ব্যক্তি রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শুটার রিয়াজের ঘনিষ্ঠ সহযোগী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।