নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের ২৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ১৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে আরও সতর্ক হতে হবে। সড়ক দুর্ঘটনায় যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এই অনুদানও তাদের শোক লাঘব করতে পারবে না। তবে এর মাধ্যমে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে, সেই বার্তাই পৌঁছে দিতে চায়।”
তিনি আরও বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন হতে হবে। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলেই দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।।