আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং

Date: 2026-06-25
news-banner

শরীফ কাইয়ূম, মুকসুদপুরঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৪ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর মিনি স্টেডিয়াম চত্বরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

প্রেস ব্রিফিংয়ে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু তার লিখিত বক্তব্যে বলেন, "মুকসুদপুর উপজেলার ক্রীড়ামোদী জনসাধারণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে, অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে " আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬"। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং গ্রামীণ জনপদে ফুটবলের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। 

আগামী ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়াম মাঠে উদ্বোধনীতে অংশগ্রহনকারী দুটি দল- মোচনা ইউনিয়ন বনাম খান্দারপাড়া ইউনিয়ন। এছাড়াও এতে উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন এবং পৌরসভা দল অংশগ্রহণ করবে। খেলাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

খেলা চলাকালীন মাঠের শৃঙ্খলা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে, স্থানীয় পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবক কমিটি এবং আনসার ভিডিপি বাহিনী নিয়োজিত থাকবে।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকছে ট্রফিসহ মোটর-সাইকেল এবং ফ্রিজ অথবা সমমানের প্রাইজমানি। এছাড়াও প্রতি ম্যাচে 'ম্যান অব দ্য ম্যাচ' এবং টুর্নামেন্ট শেষে 'ম্যান অব দ্য টুর্নামেন্ট', 'সর্বোচ্চ গোলদাতা' ও 'সেরা গোলকিপার'-এর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্ট কেবলই বিনোদন নয়, বরং প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার একটি দারুণ প্ল্যাটফর্ম। এখান থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে জেলা পর্যায়ে শক্তিশালী দল গঠন করা হবে।

"আমরা মুকসুদপুরের সকল স্তরের জনগণকে মাঠে এসে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার এবং এই আয়োজনকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন, ফুটবলের নান্দনিকতায় মুখরিত করি আমাদের চেনা মাঠ।" সেই সাথে, মুকসুদপুরের ফুটবলের এই মহোৎসবকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং খেলোয়াড়দের উৎসাহিত করতে সকল সাংবাদিক ভাইদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।"

Leave Your Comments