আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ অভিযান: কুলিয়ারচরে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা গ্রেফতার

Date: 2026-06-24
news-banner

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে নাদিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রূপালী ব্যাংকের ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা।

সোমবার (২২ জুন) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাদিম হোসেন ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত একটি ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার তদন্তে নাদিম হোসেন সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন। এর পরিপ্রেক্ষিতে কুলিয়ারচর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের নেতৃত্বে এসআই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সারাদেশের মতো কুলিয়ারচরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Leave Your Comments