সোনারগাঁয়ের মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Date: 2026-06-19
news-banner

নারায়ণগঞ্জ  প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গুহাটা এলাকায় মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় যুবসমাজ, সমাজসেবক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক যুবক, কিশোর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গুহাটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও নূরে জামে মসজিদের ক্যাশিয়ার মুকুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন বাবু, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী ইউনুস মোল্লা, সমাজসেবক শহিদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ মিছিলটি গুহাটা এলাকা থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত সমাজ চাই”, “মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করুন”, “যুবসমাজকে বাঁচাতে মাদক নির্মূল করুন”সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলের ফলে এলাকায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয় এবং মাদকবিরোধী বার্তা ছড়িয়ে পড়ে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মুকুল হোসেন বলেন, “গত ৫ থেকে ৭ বছর ধরে আমরা এলাকায় মাদক নির্মূলে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে পুরোপুরি সফল হতে পারিনি। তবে সম্প্রতি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী আন্দোলন শুরু করার পর এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমেছে। আমরা বিশ্বাস করি, গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় অবশিষ্ট মাদক কার্যক্রমও নির্মূল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংস করছে এবং পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে তুলছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না, সামাজিকভাবেও মাদক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এ সময় বক্তব্য দেন সমাজসেবক শহিদুল্লাহ। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এর আগেও আমরা মাদকবিরোধী কর্মসূচি পালন করেছি এবং কিছুটা সফলতাও পেয়েছি। তবে মাদক পুরোপুরি নির্মূল করতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। আমরা চাই গুহাটা গ্রামকে মাদকমুক্ত একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে।”

উপজেলা যুবদল নেতা আরিফ হোসেন বাবু বলেন, “মাদক যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর অপরাধ এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। ফলে পরিবার ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে।

মাদকবিরোধী এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সচেতন মহল গুহাটা গ্রামের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments