বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যা: ৫ ঘণ্টার ব্যবধানে ঘাতক স্বামী গ্রেপ্তার

Date: 2026-06-19
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামী মোঃ জনি (৪০)-কে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার কলাবাগ সরদারবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় এই পৈশাশিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
‎গ্রেপ্তারকৃত জনি সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। নিহত সাথী বেগম (৩৮) দুই সন্তানের জননী ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার মিরপুর মুসলিম ক্যাম্প এলাকার রাজু মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে জনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি বিভিন্ন অযুহাতে সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
‎নিহতের ভাই ইমরান হোসেন জানান, বোনের সংসার টিকিয়ে রাখতে ২০২৪ সালে তিনি প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে জনীর পৈত্রিক এলাকায় একটি আধাপাকা বাড়ি নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই বাড়ি ভাড়া দিয়ে এই দম্পতি বন্দরের কলাবাগ সরদারবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিন্তু তাতেও জনীর স্বভাব বদলায়নি। বুধবার বিকেলে তুচ্ছ তর্কের একপর্যায়ে জনি ধারালো অস্ত্র দিয়ে সাথী বেগমের গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যান।
‎হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক জনীর অবস্থান নিশ্চিত করে রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
‎বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘাতক স্বামী অপরাধ স্বীকার করেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave Your Comments