নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আরও চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এই সময়সীমা বর্ধিত করেন।
তদন্ত কমিটির প্রধান ও নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, “আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে ২৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, যে খুদে বার্তায় নাঈমকে তল্লাশি করা হয়েছিল, সেটি যে বা যে সংস্থা থেকে এসেছে, তা–ও তদন্ত করা হচ্ছে। এ কারণেই অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।
নাঈমের বড় ভাই কামরুল আলম বলেন, “নাঈম ধকল কাটিয়ে উঠছেন। তিনি এখন সিলেটে খেলছেন। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। খুদে বার্তাটি যে বা যাঁরা দিয়েছেন, তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।”
১২ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ তাঁকে থামায়। অভিযোগ অনুযায়ী খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল তাঁকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন। পরে থানায় নিয়ে গিয়ে হেনস্তা করা হয়। বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।
ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পুলিশের তথ্যদাতা সোহেলকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানার ওসিকেও প্রত্যাহার করা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যার মেয়াদ এখন আরও চার দিন বাড়ানো হলো।