স্বামীকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামি দুই দিনের রিমান্ডে

Date: 2026-06-19
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গভীর রাতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে শাহাব উদ্দিন (৩৫) নামের ওই আসামিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আসমা সুলতানা তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত একটার দিকে উপজেলার একটি গ্রামে সাত থেকে আটজনের একটি দল দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে কৃষক স্বামীকে জিম্মি করে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর ২০ বছর বয়সী গৃহবধূকে পাশের নির্জন স্থানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।

বুধবার সকালে ভুক্তভোগী পরিবার স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ দেয়। ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১ নম্বর আসামি শাহাব উদ্দিনকে বুধবার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave Your Comments