ডিমলায় ছাত্রলীগের দুই বছর আগের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল: এলাকায় ব্যপক আলোচনা-সমালোচনা

Date: 2026-06-15
news-banner

মোঃ নয়ন ইসলাম, ডিমলা প্রতিনিধিঃ 

গত  ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলাতেও দৃশ্যপট আমূল বদলে গেছে। সরকার পতনের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর উপজেলার দলীয় নেতাকর্মীরা প্রায় সবাই আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের দুই বছর আগের একটি পুরনো সাংগঠনিক কর্মসূচির ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মাঝে ব্যপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি 'বাংলাদেশ ছাত্রলীগ ডিমলা উপজেলা শাখা' নামক ফেসবুক পেজসহ বিভিন্ন ব্যক্তিগত আইডি থেকে দুই বছর আগের একটি ভিডিও ক্লিপ পুনরায় পোস্ট করা হয়। ভিডিওটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল ও জমায়েত করতে দেখা যাচ্ছে। ৫ আগস্টের পর যেখানে উপজেলার শীর্ষস্থানীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও জনসম্মুখ থেকে নিখোঁজ বা পলাতক রয়েছেন, সেখানে হঠাৎ করে এই ভিডিওর প্রকাশ সাধারণ মহলে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, ভিডিওটি দুই বছর আগের হলেও বর্তমান পরিস্থিতিতে এটি শেয়ার করার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই এটিকে নিষিদ্ধ সংগঠনের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

ভিডিওর কমেন্ট সেকশনে এবং স্থানীয় চায়ের দোকানগুলোতে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষের একাংশের মতে, দীর্ঘদিন পর হঠাৎ এই ধরনের ভিডিও সামনে আসাটা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিভ্রান্তিকর হতে পারে। অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে কেবলই একটি স্মৃতিচারণ বা সামাজিক মাধ্যমের অ্যালগরিদমের কারণে সামনে আসা হিসেবে দেখছেন। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোগো ও স্লোগান সংবলিত পোস্ট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।

ছাত্রলীগকে সরকারিভাবে নিষিদ্ধ করার পর তাদের যেকোনো ধরণের দৃশ্যমান বা ভার্চুয়াল কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ধরণের পোস্টের ওপর সাইবার মনিটরিং টিমের নজরদারি রয়েছে এবং কোনো নিষিদ্ধ সংগঠন যাতে আইন-শৃঙ্খলার অবনতি বা উস্কানি ছড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এই ভিডিওর আকস্মিক প্রচার ডিমলা উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন এক বিতর্কের জন্ম দিল, যা বর্তমান প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ।

Leave Your Comments