রংপুর মেডিকেলে শয্যা সংকট, বারান্দায় রোগীর ভিড়

Date: 2026-06-14
news-banner

সাজ্জাদ আহমেদ:

উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে তীব্র শয্যা সংকট, অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে চরম ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে প্রতিদিনই সেবাবঞ্চিত হচ্ছেন হাজারো রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালের কেবিন ও সাধারণ ওয়ার্ডগুলোতে কোনো সিট খালি নেই। শয্যার অভাবে অনেক রোগী বাধ্য হয়ে মেঝে, করিডোর, বারান্দা এমনকি সিঁড়ির মুখেও তোশক ও মাদুর পেতে চিকিৎসা নিচ্ছেন। সরেজমিনে ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায়, দীর্ঘ করিডোরজুড়ে সারি সারি রোগী শুয়ে আছেন। 

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বারান্দার পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন। মেঝে ও দেয়ালে পানের পিক, রক্তের দাগ এবং ময়লা-আবর্জনা দেখা যায়। অপর্যাপ্ত পরিচ্ছন্নতা ব্যবস্থার কারণে মশা, মাছি ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে উদ্বেগজনক হারে।

চিকিৎসা নিতে এসে উল্টো সংক্রমণ ও নতুন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে রুগীদের।

দূর-দূরান্ত থেকে আসা রোগীরা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ঘাটতিও রয়েছে। অনেক রোগীকে দিনের পর দিন মেঝেতে অবস্থান করতে হচ্ছে। গুরুতর অসুস্থ ব্যক্তিরাও সিঁড়ির পাশে কিংবা কোলাহলপূর্ণ খোলা বারান্দায় মানবেতর পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন।

রোগী ও স্বজন জানান, হাসপাতালের বর্তমান পরিস্থিতি তাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত চিকিৎসাসেবা ও ন্যূনতম মানবিক পরিবেশ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সচেতন মহলের দাবি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংকট, অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উত্তরাঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থলটি আরও ভয়াবহ সংকটে পড়বে।

Leave Your Comments