নিজস্ব প্রতিনিধি :
মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া এক যুবকের বিরুদ্ধে শেষ পর্যন্ত অভিযোগ করেন তাঁর মা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই যুবককে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. শহীদুল্লাহ (৩৮)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি চুরি করতেন এবং পরিবারের সদস্যদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে তাঁর মা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহীদুল্লাহকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন পালেগ্রাম এলাকার কাভার্ড ভ্যানচালক মো. মাঈনুদ্দীন (২৯) এবং হইট্টলতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)। তাঁদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদকবিরোধী অভিযানে এক রাতে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।