Frederick Oliver-এর জন্য লেগো ছিল প্রথমে চিকিৎসার অংশ, পরে তা পরিণত হয়েছে আজীবনের নেশায়। হাতের জটিল অস্ত্রোপচারের পর পুনর্বাসনের উদ্দেশ্যে লেগো নিয়ে কাজ শুরু করেছিলেন কানাডার এই বাসিন্দা। আর সেই শখই তাঁকে এনে দিয়েছে বিশ্বরেকর্ডের স্বীকৃতি।
১৯৯৯ সালে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুই হাতে কার্পাল টানেল সিনড্রোমে আক্রান্ত হন অলিভার। অস্ত্রোপচার সফল না হওয়ায় প্রায় এক বছর তিনি স্বাভাবিকভাবে হাত নড়াতে পারতেন না। চিকিৎসকদের পরামর্শে হাতের সূক্ষ্ম নড়াচড়ার সক্ষমতা ফিরিয়ে আনতে ছোট বস্তু নিয়ে কাজ করার অনুশীলন শুরু করেন তিনি।
অন্যদের মতো কাঠ খোদাই বা মডেল রং না করে তিনি বেছে নেন লেগো। শৈশবের স্মৃতি আর সৃজনশীলতার টানে একের পর এক লেগো ব্রিক জুড়ে তৈরি করতে থাকেন স্টার ওয়ার্সের বিভিন্ন দৃশ্য ও স্থাপনা।
বহু বছরের চর্চায় বর্তমানে তিনি হাতের প্রায় ৯৫ শতাংশ সক্ষমতা ফিরে পেয়েছেন। একই সঙ্গে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ স্টার ওয়ার্স লেগো সংগ্রহ।
গত বছর বিশ্বের সবচেয়ে বেশি স্টার ওয়ার্স লেগো সেট সংগ্রহে রাখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন অলিভার। তখন তাঁর সংগ্রহে ছিল ৯৯৩টি সেট। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৫১টিতে। নতুন রেকর্ডের স্বীকৃতি পেতে তিনি আবারও আবেদন করেছেন।
অলিভারের ভাষায়, “এটি সত্যিই অসাধারণ একটি অর্জন। বয়স বাড়ার সঙ্গে অনেকেই কল্পনাশক্তি হারিয়ে ফেলেন, কিন্তু লেগো আমাকে সেই কল্পনাশক্তি জীবন্ত রাখতে সাহায্য করেছে।”
একসময় যে লেগো ছিল তাঁর সুস্থ হয়ে ওঠার মাধ্যম, আজ সেটিই তাঁকে এনে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি ও অনন্য এক রেকর্ড।