বাগেরহাটে মাজার দিঘির কুমির ফেরত দেওয়ার দাবি

Date: 2026-06-07
news-banner

বাগেরহাট প্রতিনিধি:


বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন ঐতিহাসিক দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমিরটি পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ‘বাগেরহাটের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজারের প্রধান খাদেম ও বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম। তিনি বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে মাজার ও দিঘির দেখভাল করে আসছে। অথচ সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রশাসন পুলিশি নিরাপত্তায় দিঘি থেকে কুমিরটি সরিয়ে নিয়েছে।


ফকির তরিকুল ইসলাম বলেন, “কুমিরটি শুধু একটি প্রাণী নয়, এটি বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এর আগেও চিকিৎসার জন্য দিঘি থেকে দুটি কুমির নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা চাই, যেকোনো মূল্যে কুমিরটি আবার দিঘিতে ফিরিয়ে দেওয়া হোক।”


তিনি আরও বলেন, দাবি পূরণ না হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ীসহ অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।


জানা যায়, প্রায় সাড়ে ৬০০ বছর আগে হজরত খানজাহান আলী (রহ.) সুপেয় পানির জন্য এই দিঘি খনন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, দিঘির পানি রক্ষার জন্য তিনি সেখানে দুটি কুমির ছেড়েছিলেন। ওই কুমিরের বংশধরদের মধ্যে সর্বশেষ একটি কুমির ২০১৫ সালে মারা যায়।


পরবর্তীতে ২০০৪ সালে ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে আনা ছয়টি কুমির দিঘিতে অবমুক্ত করা হয়। তবে সময়ের সঙ্গে বিভিন্ন কারণে বেশ কয়েকটি কুমির মারা যায়। সর্বশেষ একটি নারী কুমির সেখানে টিকে ছিল।


সম্প্রতি ওই কুমিরের আক্রমণে একটি কুকুর ও এক শিশুর মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেয়।


বর্তমানে কুমিরটি খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে।

Leave Your Comments