ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), সাইফুল (৪৫), মেহেদী হাসান আলাল (৩২), ইকবাল তালুকদার (৩০), উথুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রনি ঘোষ (৩৪), ইমন শেখ (২৮), ফারুক হাসান মণ্ডল (৩৮) এবং মনির হোসেন (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খানের নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। পরে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এর প্রতিবাদে বিকেলে একই স্থানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল ইসলাম বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করে। রোববার তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিভিন্ন সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং শনিবারের মিছিলেও অংশগ্রহণ করেছিলেন। মামলার প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।