প্রকাশ : ০৭ জুন ২০২৬
সময়: ১২:০৯ পিএম
‘সবুজ ডিমলা, নিরাপদ ভবিষ্যৎ’ স্লোগানে ডিমলায় ১ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ডিমলা প্রতিনিধি:
"সবুজ ডিমলা, নিরাপদ ভবিষ্যৎ"— এই প্রত্যয়কে সামনে রেখে নীলফামারীর ডিমলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বর্ণাঢ্য এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় গ্রুপ ‘হামার ডিমলা’ ফেসবুক কমিউনিটির আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ রূপরেখার অংশ হিসেবে তারা আগামী কয়েক বছরে সমগ্র ডিমলা উপজেলা জুড়ে ১ মিলিয়ন (১০ লক্ষ) বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। আজকের কর্মসূচিতে শতাধিক গাছ লাগানোর মধ্য দিয়ে এই সবুজ বিপ্লবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও ‘হামার ডিমলা’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন মোঃ জিবরান আজিম সিয়াম বলেন, "একটি নিরাপদ ও বাসযোগ্য ডিমলা গড়তে সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর অন্যতম রূপরেখা ৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে আমরা ডিমলা উপজেলা জুড়ে ১ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আজকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। ধাপে ধাপে উপজেলার প্রতিটি উল্লেখযোগ্য স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।"
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা ও ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স বলেন, "আজকে শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের এক নতুন সবুজ আন্দোলন শুরু হলো। ডিমলার মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান, শ্মশানসহ সকল গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে এই সবুজ বিপ্লব অব্যাহত থাকবে।"
আরেক উদ্যোক্তা ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল সকলের সহযোগিতা কামনা করে বলেন:
"আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুস্থ ও সবুজ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। আমাদের প্রধান স্লোগান হলো— 'সবুজে ভরে যাক দেশ, সবার আগে বাংলাদেশ'।"
ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব এই কর্মসূচিতে আরও উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন রুবেল, আশিক, রাসেল, রাব্বি, নাইম ও শাহিনসহ স্থানীয় যুবসমাজ ও ‘হামার ডিমলা’ কমিউনিটির শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
উপজেলার পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ডিমলার সচেতন মহল।