বিশ্বকাপে খেলতে ইরানের ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

Date: 2026-06-06
news-banner

বিশ্বকাপে অংশ নিতে ইরান জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তাও পৃথক বিবৃতিতে ইরান দলের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা এবং নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে খেলোয়াড়দের ভিসা অনুমোদনের মাধ্যমে সেই শঙ্কার অবসান হয়েছে।

ভিসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের প্রশংসা করে রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, “যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরান জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়ার কাজটি চমৎকারভাবে সম্পন্ন করায় আমি পুরো টিমকে নিয়ে গর্বিত।” তিনি আরও বলেন, “খেলাধুলা সব সীমানা ছাড়িয়ে যায়। আমরা বিশ্বজুড়ে সব প্রতিযোগী ও সমর্থকদের স্বাগত জানাতে মুখিয়ে আছি।”

তবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ইরান দল যেন এই সুযোগের অপব্যবহার করে অন্য কোনো উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা না করে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

জানা গেছে, ইরান ফুটবল দল শনিবার তুরস্ক থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবে। সেখান থেকে রোববার তারা মেক্সিকোতে তাদের বেজক্যাম্পে পৌঁছাবে। এবারের বিশ্বকাপে ইরানের মূল বেজক্যাম্প মেক্সিকোতে হলেও গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তারা খেলবে যুক্তরাষ্ট্রে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট উত্তেজনার কারণে ইরান তাদের বেজক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করে।

‘জি’ গ্রুপে থাকা ইরান ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা।

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।

Leave Your Comments