নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।
মিছিলকারীদের বহন করা ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এটি চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর তৃতীয় প্রকাশ্য মিছিল। এর আগে গত বুধবার নগরের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। তারও আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।
এসব ঘটনার পর নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাঁদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।