ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

Date: 2026-06-05
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মাহবুব হোসেন (৪৫), কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০) এবং তাঁর ছেলে আশরাফুল ইসলাম (৫)। আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার মিয়া (৫০) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে আদিবা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউসার মিয়া তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাহবুব হোসেন, জোসনা বেগম এবং তাঁর ছেলে আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত কাউসার মিয়া ও তাঁর মেয়ে আদিবাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave Your Comments