কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় ডুবল নৌযান, অল্পের জন্য ১২ যাত্রীর প্রাণরক্ষা

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতার কারণে চালকসহ ১২ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার সকালে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি সদর থেকে বরকল উপজেলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ছোট নৌযান সুবলং বাজার এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে মাইনীমুখগামী লঞ্চ এমএল বিজলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে গিয়ে হ্রদের পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই লঞ্চের কর্মচারী ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। দ্রুত অভিযান চালিয়ে নৌযানে থাকা চালকসহ সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানের সব যাত্রীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া দুর্ঘটনায় কেউ নিখোঁজও হননি।

এদিকে লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, ইঞ্জিনচালিত নৌকাটি লঞ্চের আগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় লঞ্চের পেছনের অংশে ধাক্কা লেগে নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।