নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রাগদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে অমিতাভ হাওলাদার (৪২) এবং শেরপুর জেলার আবদুস সামাদের ছেলে কালাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি সেতুর সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা হিমেল-সীমান্ত পরিবহনের একটি বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।