চট্টগ্রামে শতাধিক নেতা-কর্মী নিয়ে ‘বিশ্রামাগারে’ নিষিদ্ধ ছাত্রলীগের সভা

Date: 2026-06-05
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এ সভার আয়োজন করে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ। সভায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও বিভিন্ন সময়ে কারা নির্যাতনের শিকার নেতারা অংশ নেন বলে ব্যানারে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সভায় স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতা বক্তব্য দিচ্ছেন। তাঁদের পেছনে টাঙানো ব্যানারে লেখা ছিল—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভাস্থলে সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতির আগেই সভায় অংশ নেওয়া নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেন।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। সভায় অংশগ্রহণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের সভায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সভায় অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

Leave Your Comments