লংগদুতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, অভিযুক্ত আটক

Date: 2026-06-05
news-banner

বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি) : 

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মোঃ আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত ৪ জুন রাতে তাকে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। আটক আবুল হোসেন উপজেলার উত্তর ইয়ারিংছড়ি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুন উত্তর ইয়ারিংছড়ি গ্রামে অভিযুক্ত আবুল হোসেন ওই কিশোরীকে জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর বাবা ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পে জানান।

সংবাদ পেয়ে লংগদু জোন কমান্ডারের দিকনির্দেশনায় ইয়ারিংছড়ি আর্মি ক্যাম্প তাৎক্ষণিক অনুসন্ধান শুরু করে। স্থানীয় বাসিন্দা ও সাক্ষীদের কাছ থেকে তথ্য সংগ্রহের পর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ৪ জুন রাত ৮টায় তাকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোনের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।

Leave Your Comments