নোয়াখালীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Date: 2026-06-04
news-banner

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন পূর্ব মহব্বতপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল হামিদ (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হামিদের মেকানিকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকান তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, জেলার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments