ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ এক শিশুV

Date: 2026-06-04
news-banner

নিজস্ব প্রতিবেদক:

ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। একই দিনে সদর উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে আরও এক শিশু।

মৃত শিশুরা হলো—লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. জামশেদের দেড় বছর বয়সী মেয়ে জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ছয় বছর বয়সী ছেলে সজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময়ে মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম পৃথকভাবে ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের কারী হাফিজুল্লাহর ছেলে হাসিব (১১) মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও বুধবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে স্থানীয় প্রশাসন ও স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave Your Comments