কক্সবাজারে ছুরিকাঘাতে এক যুবক নিহত, আহত ২

Date: 2026-06-03
news-banner

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হৃদয় (২৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন ইসলামপুর এলাকার বাসিন্দা মো. আসিফ (২৮) ও আশরাফুল ইসলাম (২০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনায় মোহাম্মদ হৃদয়সহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave Your Comments