ডিমলায় ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

Date: 2026-06-03
news-banner

মোঃ নয়ন ইসলাম,  ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে অসাবধানতাবশত ভ্যান গাড়ি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাবিবুর রহমান হাবলু (১৭) নামের এক তরুণের করুণ মৃত্যু হয়েছে।

আজ সকাল আনুমানিক ৯:৩০ থেকে ১০:০০ ঘটিকার মধ্যে নাউতারা ইউনিয়নের মধ্য কাকড়া (৬নং ওয়ার্ড) গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান ওই এলাকার মোঃ অপিয়ার রহমানের তৃতীয় পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে অটোভ্যান গাড়িটি চার্জ দিতে যান হাবিবুর। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে তার বাম হাত স্পর্শ হলে তিনি প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাবিবুরকে বিদ্যুতের সাথে আটকে থাকতে দেখে তার মা নাসিমা বেগম চিৎকার শুরু করেন। পরে মায়ের চিৎকার শুনে স্থানীয় জয়নাল এবং নিহতের মামা হানিফসহ প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর হাবিবুরকে তাৎক্ষণিকভাবে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

"অসাবধানতাবশত ভ্যান গাড়ি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"

নিহত হাবিবুর রহমান হাবলু বাবা-মায়ের তৃতীয় সন্তান ছিলেন। তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার এবং পুরো মধ্য কাকড়া গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানকে হারিয়ে মা নাসিমা বেগম ও বাবা অপিয়ার রহমান বারবার মূর্ছা যাচ্ছেন।

Leave Your Comments