বাসার সিলিং ফ্যানে ঝুলছিল পুলিশ কর্মকর্তার লাশ

Date: 2026-06-02
news-banner

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে ভাড়া বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের তবলছড়ি ডাকঘর কলোনি এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ কর্মকর্তার নাম সাজেদুল হক। তিনি রাঙামাটি কোতোয়ালি থানার সদর পুলিশ ফাঁড়িতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জামালপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, সাজেদুল হক শহরের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে ঝুলন্ত দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave Your Comments