গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারি চুরির অভিযোগে তিন যুবককে আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সোমবার (১ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে কাঠিগা গ্রামের মোরসালিন, চিতশী গ্রামের রাসেল এবং ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহকে আটক করে কমিটির কার্যালয়ে রাখেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয় বলে দাবি করেছে কমিটি।
খবর ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাদকবিরোধী কমিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, “ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পরে অন্য এলাকার লোকজন এসে আমাদের ওপর হামলা চালিয়ে কার্যালয়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অন্যদিকে কাঠিগা-চিতশী এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কাউকে মারধর করিনি। বরং আমাদের লোকজনই হামলার শিকার হয়েছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”