মা হারালেন শিউলি আজিম, অনুশীলনে আসেনি শোক স্তব্ধ বাংলাদেশ

Date: 2026-06-02
news-banner

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ফুটবল দল। দলের নির্ভরযোগ্য সেন্টার ব্যাক শিউলি আজিমের মা মারা গেছেন।

আজ ভোর ৫টার দিকে শিউলি আজিমের পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুসংবাদ আসে। এর পরিপ্রেক্ষিতে দলের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করা হয়।

আগামীকাল নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে আজ সকাল ৭টায় গোয়ার বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা ছিল। মারগাঁও থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই মাঠে অনুশীলন কভার করতে সকাল সাড়ে ৬টার মধ্যেই উপস্থিত হন সাংবাদিকরা। তবে সেখানে গিয়েই তারা জানতে পারেন শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর এবং অনুশীলন বাতিলের সিদ্ধান্তের কথা।

দলীয় সূত্র জানিয়েছে, আজ বাংলাদেশ দলের আর কোনো অন-ফিল্ড অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে না। শোকের এই মুহূর্তে সতীর্থরা শিউলি আজিমের পাশে রয়েছেন।

নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে দলের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় মানসিক ধাক্কা। বাংলাদেশ দলের সবাই শিউলি আজিম ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave Your Comments