‘বিশ্বকাপ মিশন শুরু’—অনুশীলনে যোগ দিয়ে রোনালদোর বার্তা

Date: 2026-06-02
news-banner

বিশ্বকাপের মঞ্চে আরেকটি ইতিহাস গড়তে প্রস্তুত পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর অনেকেই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ঘোষিত বিশ্বকাপ দলে থাকা রোনালদো ইতোমধ্যে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনে যাওয়ার একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ মিশন শুরু।’

এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছেন রোনালদো। বিশ্বকাপে মাঠে নামলেই তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলারের কাতারে নাম লেখাবেন। আগের পাঁচটি বিশ্বকাপে রোনালদো ২২টি ম্যাচ খেলে করেছেন ৮ গোল।

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে এবার রোনালদোর মূল লক্ষ্য বিশ্বকাপ শিরোপা জয়। দীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব বড় ট্রফি জিতলেও বিশ্বকাপ এখনও তাঁর অধরা স্বপ্ন। সেই অপূর্ণতা পূরণ করেই হয়তো একদিন ফুটবলকে বিদায় জানাতে চান ‘সিআর সেভেন’।

তবে রোনালদোর পথচলা এখানেই শেষ হবে বলে মনে করেন না পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তাঁর মতে, রোনালদোর সাফল্যের মূল রহস্য হলো নিরন্তর উন্নতির ক্ষুধা।

এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “ক্রিস্টিয়ানো কোনো নির্দিষ্ট শিরোপার জন্য খেলে না। সে যা-ই জিতুক না কেন, পরদিনও নিজেকে আরও উন্নত করার একই তাড়না নিয়ে মাঠে নামে। এই মানসিকতাই তাকে এত দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রেখেছে।”

এমনকি ২০৩০ বিশ্বকাপে রোনালদোর সম্ভাবনা নিয়েও আশাবাদী পর্তুগাল কোচ। তিনি বলেন, “সে এর জন্য লড়াই করবে। এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়। তার মানসিকতা, পেশাদারত্ব ও সাফল্যের জন্য অবিরাম প্রচেষ্টা তরুণ ফুটবলারদের জন্য অনুকরণীয় উদাহরণ।”

আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে ইউরোপের দলটি। বিশ্বকাপের মঞ্চে এবার রোনালদোর লক্ষ্য একটাই—অধরা ট্রফিটি ঘরে তোলা।

Leave Your Comments