নালিতাবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে তরুণের আত্মহনন

Date: 2026-05-31
news-banner

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামে স্ত্রীর ওপর অভিমান করে সেলিম (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০ মে) সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত সেলিম উপজেলার শালমারা গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন হাফেজ ছিলেন এবং বর্তমানে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সেলিমের বিয়ে হয়। গত ঈদুল ফিতরের সময় তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। গত বৃহস্পতিবার সেলিমের বড় ভাই মাওলানা রইসুল ইসলামের শ্যালিকাকে দেখতে পাত্রপক্ষ আসার কথা থাকায় সেলিমের স্ত্রী ও মা শ্বশুরবাড়িতে যান।

পরদিন সেলিম তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে যান। তবে সেদিন পাত্রপক্ষ আসার কারণে তার শাশুড়ি ও স্ত্রী দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কাউকে কিছু না জানিয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল শ্বশুরবাড়িতে রেখেই নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে সেলিমের শাশুড়ি তার খোঁজ নিতে ফোন করলে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি বাড়িতে পৌঁছাননি। এরপর আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির গোয়ালঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা ধাক্কা দিয়ে ভেতরে তাকিয়ে তারা সেলিমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে বড় ভাই মাওলানা রইসুল ইসলাম ও স্থানীয়রা তাকে দ্রুত নামিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা মো. আহম্মদ আলী নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাটির তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Leave Your Comments