কোমরে শিকল বাঁধা অবস্থায় কেটে গেছে ২২ বছর, চিকিৎসার অপেক্ষায় খায়ের

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাপুর গ্রামে আবুল খায়ের (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক দীর্ঘ ২২ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ছোট্ট টিনের ঘরের অন্ধকার কোণই এখন তাঁর পৃথিবী। অভাব ও চিকিৎসার অভাবে তাঁর জীবন অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বলে জানান স্বজন ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সে পারিবারিকভাবে বিয়ে হয় আবুল খায়েরের। বিয়ের তিন বছর পর থেকেই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। পরে ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একপর্যায়ে উত্তেজিত আচরণের কারণে স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে তাঁকে শিকলে বেঁধে রাখা হয়। তখন থেকেই তাঁর শিকলবন্দী জীবন শুরু।

স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে তাঁর বাবা-মা মারা যান। সন্তান না থাকায় স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। বর্তমানে দেখাশোনা করছেন চাচাতো ভাই আবদুর রহমান, যিনি একজন অটোরিকশা চালক। বাবার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা টিনের ঘরই এখন তাঁর আশ্রয়।

আবদুর রহমান বলেন, পাঁচ বছর আগে তাঁকে পাবনার মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় ভর্তি করা যায়নি। অর্থের অভাবে এরপর আর চিকিৎসা করানো সম্ভব হয়নি। দীর্ঘদিন শিকলে বাঁধা থাকায় এখন তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, সঠিক চিকিৎসা ও পুনর্বাসন পেলে আবুল খায়ের আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী বলেন, বিষয়টি নজরে এসেছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য মানসিক স্বাস্থ্য হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

Leave Your Comments