রাঙামাটির সাজেক বজ্রপাতে তিন মাসের শিশু নিহত, আহত পরিবারের পাঁচ সদস্য
Date: 2026-05-25
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে সাজেকের ভাইবা ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা। সে ওই এলাকার নয়ন চাকমা ও রেশমি চাকমা দম্পতির সন্তান। আহতদের মধ্যে রয়েছেন শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দাদা প্রদীপরঞ্জন চাকমা, দাদি মায়ারানী চাকমা, চাচা জিরিং চাকমা ও নিঝুম চাকমা।
স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমা জানান, ভোরের দিকে পরিবারের সদস্যরা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং পরিবারের অন্য সদস্যরা আহত হন।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যু এবং পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।