নিজস্ব প্রতিবেদক:
বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে পদ্মা নদীতে ঝোড়ো বাতাস ও বড় ঢেউয়ের সৃষ্টি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়। এ সময় যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়। তবে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, সকাল ১০টার পর থেকেই পদ্মা নদীতে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। একপর্যায়ে নদীতে বড় বড় ঢেউ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে যাত্রী নিরাপত্তার স্বার্থে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে নোঙর করা লঞ্চগুলো সারিবদ্ধভাবে অবস্থান নেয়। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আসা ঈদযাত্রীরা টিকিট সংগ্রহ করে ঘাট এলাকায় অপেক্ষা করতে থাকেন। অনেককে পন্টুনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্নালাল নন্দী জানান, এই রুটে ১৮টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়োজিত রয়েছে। ঈদকে কেন্দ্র করে যাত্রীর চাপও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে পাটুরিয়া লঞ্চঘাটটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেটি সরিয়ে পুরোনো ট্রাক টার্মিনালের দক্ষিণ পাশে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানে ঘাট মেরামতের কাজ চলছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সুপারভাইজার মো. তরিকুল ইসলাম বলেন, “ঝোড়ো বাতাসের কারণে পদ্মায় বড় ঢেউ তৈরি হয়। দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।”