নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর ভাগনে রিপন মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। আটক রিপন মিয়া একই এলাকার আতাউর রহমানের ছেলে এবং নিহত সাথীর ভাগনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে সাথী আক্তারের সঙ্গে রিপনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির একটি ঘর থেকে সাথীর রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরের ভেতর থেকেই রিপনকে আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।