নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার ছুটিতে সপরিবারে গ্রামের বাড়ি ফেরার পথে বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মী ও তাঁর চার বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।
সোমবার সকাল সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী পর্যটন মোটেল-সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ব্র্যাকের রংপুর মহানগরের মাহিগঞ্জ শাখার কর্মী আনিসুর রহমান (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে আয়েশা। আনিসুর রহমানের বাড়ি পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামে।
গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী পুষ্পা খাতুনকে (২৫) উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রংপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন আনিসুর রহমান। সকাল সাতটার দিকে বগুড়ার বনানী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আনিসুর রহমান, তাঁর স্ত্রী ও সন্তান। ঘটনাস্থলেই আনিসুর রহমান ও তাঁর মেয়ে আয়েশার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পুষ্পা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন আনিসুর রহমান। তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও জানান, নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।